আমরা যারা (কবিতা)

আমরা যারা বন্ধু ছিলাম কলেজ এবং স্কুলজীবনে,
হৃদ্যতাতে খেদ ছিল না বলবে সেটা আত্মজনে!
জানিনা আজ কোথায় আছে ক্লাস ওয়ানের রৌশনারা,
ছোট্টবেলার বন্ধু তবু মুখটি আজও হৃদয়কাড়া!
ওরও জানি এমনি করে হঠাৎ আমায় পড়বে মনে,
আমরা যারা বন্ধু ছিলাম কলেজ এবং স্কুলজীবনে!
ক্লাস সিক্সের শাশ্বতী আজ কোথায় আছে হঠাৎ করে
পাড়ি দিল নতুন দেশে আমায় রেখে সেই শহরে
'আমরা আবার প্রিয় হয়ে উঠবো' চিঠি লিখল গিয়ে,
প্রিয় হবার আগে নিজেই কোথায় যে গেল হারিয়ে
বন্ধু যারা ছিল তারা সবাই যেন ভালো থাকে...
যে যেখানেই থাকুক না আজ জীবন নদীর অতল বাঁকে
ভালো থাকুক ভালোবাসার বন্ধন হোক সুখ আসনে!
আমরা যারা বন্ধু ছিলাম কলেজ এবং স্কুল জীবনে!
কলেজের দিনগুলোও কেমন ঝড়ের মতো কেটে গেল,
ভাবতে তবু ভালো লাগে অনেক বন্ধু জুটেছিল!
সবার সঙ্গে দেখা আবার ফেসবুকের ঐ পর্দা জুড়ে,
দেয়ানেয়ার পালা শুরু ভালোবাসার হৃদয় খুঁড়ে!
এভাবেতেই মিলে যাচ্ছি চলতে চলতে প্রতিক্ষণে
আমরা যারা বন্ধু ছিলাম কলেজ এবং স্কুলজীবনে!

😊😊কপোতাক্ষী ©

Comments

Popular posts from this blog

গনগনে রোদে আকাশের দিকে তাকিয়ে থাকলে আমার খুব শ্মশানের কথা মনে পড়ে। শৈশবে শ্মশানের খুব কাছাকাছি বড় হয়ে ওঠা আমি, মুহূর্তেই যেন সে দিনগুলোয় ফিরে যাই। যে দিনগুলোয় অকারণেই আমি খুব অভিমানী হয়ে উঠতাম, যখন রাত্তিরবেলায় 'হরিবোল' ধ্বনি, মাঝে মাঝেই আমাকে ভাসিয়ে নিয়ে যেতো অগম্য ঠিকানায়! বিছানায় শুয়ে থাকা আমার শরীর,মুহূর্তেই ল্যাম্প-পোষ্ট ভেদ করে কোথায় যে ভেসে যেতে যেতে অন্ধকার রাতে স্পষ্ট শুনতে পেতো নীচে একদঙ্গল জনতার 'হরিবোল' ধ্বনি! ওরা কি আমাকে শ্মশান পর্যন্ত এগিয়ে নিয়ে যাবে? জানার আগেই ঘুম ভেঙ্গে যেতো এক অজানা আতঙ্কে,আমি কখনো ভয়ে বিড়বিড় করতাম, আর ঘুম ভেঙ্গে যেতো! কখনো বা অন্য কোনো ভয় আমাকে তাড়িয়ে বেড়াতো! মনে হতো এ কোন রহস্যময় জগতে আমার ঠিকানা! এই ভয়গুলো আজও আমার সঙ্গ ছাড়েনি, কেন কীজানি...!আজও সেই গনগনে রোদের দিকে তাকিয়ে থাকলে আমার শ্মশানের কথা মনে পড়ে! আর আমার দেহ টা মুহূর্তেই একটা মৃতদেহ হয়ে যায়! দেহের খাঁচা পুড়তে পুড়তে যখন ছাই হতে থাকে, আমি তখন গনগনে রোদের আঁচ অনুভব করি আর আমার বালিশের তূলো ভেসে ভেসে পেঁজা-তূলোর মত মেঘের সঙ্গে মিশে যায়, আমি ধরতে গিয়েও পারিনা। শুধু দেখি, দেখতেই থাকি! (২০১৭)

ছড়া

শীতের দুপুরে