Posts

কবিতা

ভাবছি কোথাও  তোকে নিয়ে যাবো পালিয়ে যা আছে আমানি ডাল ভাত নেবো চালিয়ে ছোট্ট উঠোন  একফালি ঘর  বারান্দা এক কোণে বসে তাও সেরে নেবো, যা রান্ধা... চিলতে উঠোনে বৃষ্টি  নামুক না রিমঝিম বারান্দা জুড়ে ফুটুক খিচুড়ি, কিম্বা ডিম ঘরের মধ্যে  থাকুক  একটা পালঙ্ক  এখানে শুয়েই মেলাবো নাহয় যা অঙ্ক...  জীবনের, যা যা হিসেব এখনও  মেলেনি আয় এইবেলা  যা যা বাকি সব খেলে নি'! জীবন মানে তো খেলাঘর আর এ খেলায় ভাগ নিতে হলে  সব ছেড়ে আজ  চলে আয়! ~~~ কপোতাক্ষী ©💕(২০১৯)

গনগনে রোদে আকাশের দিকে তাকিয়ে থাকলে আমার খুব শ্মশানের কথা মনে পড়ে। শৈশবে শ্মশানের খুব কাছাকাছি বড় হয়ে ওঠা আমি, মুহূর্তেই যেন সে দিনগুলোয় ফিরে যাই। যে দিনগুলোয় অকারণেই আমি খুব অভিমানী হয়ে উঠতাম, যখন রাত্তিরবেলায় 'হরিবোল' ধ্বনি, মাঝে মাঝেই আমাকে ভাসিয়ে নিয়ে যেতো অগম্য ঠিকানায়! বিছানায় শুয়ে থাকা আমার শরীর,মুহূর্তেই ল্যাম্প-পোষ্ট ভেদ করে কোথায় যে ভেসে যেতে যেতে অন্ধকার রাতে স্পষ্ট শুনতে পেতো নীচে একদঙ্গল জনতার 'হরিবোল' ধ্বনি! ওরা কি আমাকে শ্মশান পর্যন্ত এগিয়ে নিয়ে যাবে? জানার আগেই ঘুম ভেঙ্গে যেতো এক অজানা আতঙ্কে,আমি কখনো ভয়ে বিড়বিড় করতাম, আর ঘুম ভেঙ্গে যেতো! কখনো বা অন্য কোনো ভয় আমাকে তাড়িয়ে বেড়াতো! মনে হতো এ কোন রহস্যময় জগতে আমার ঠিকানা! এই ভয়গুলো আজও আমার সঙ্গ ছাড়েনি, কেন কীজানি...!আজও সেই গনগনে রোদের দিকে তাকিয়ে থাকলে আমার শ্মশানের কথা মনে পড়ে! আর আমার দেহ টা মুহূর্তেই একটা মৃতদেহ হয়ে যায়! দেহের খাঁচা পুড়তে পুড়তে যখন ছাই হতে থাকে, আমি তখন গনগনে রোদের আঁচ অনুভব করি আর আমার বালিশের তূলো ভেসে ভেসে পেঁজা-তূলোর মত মেঘের সঙ্গে মিশে যায়, আমি ধরতে গিয়েও পারিনা। শুধু দেখি, দেখতেই থাকি! (২০১৭)

জ্যোতিষ বচন

জ্যোতিষ-বচন -------------------------        শোন শোন মন দিয়ে জ্যোতিষ বচন        বারো রাশি আমাদের করে নিয়ন্ত্রণ        মঙ্গল -মেষ বৃশ্চিকের অধিপতি        ধনু ও মীনের অধিপতি বৃহস্পতি ৷        মকর আর কুম্ভ হল শনির স্ব-স্থান        বৃষ,তূলা রাশি দুটো দৈত্যগুরু পান ৷        রবির স্ব-ক্ষেত্র সিংহ তুঙ্গী তিনি মেষে        কর্কট চন্দ্রের গৃহ, শোন হেসে হেসে ৷        প্রত্যেকেরই দুটো ঘর রবি চন্দ্র ছাড়া        রাহুর সপ্তমে কেতু সততই খাড়া ৷৷                রবি তুঙ্গী মেষে তার তূলা নীচস্থান,          শনি তার বিপরীতে সততই যান ৷        মঙ্গল মকরে তুঙ্গী শুক্র তুঙ্গী মীনে,        বৃষে তুঙ্গী হন চন্দ্র রাতে কিম্বা দিনে ৷        কর্কট রাশিতে হন তুঙ্গী বৃহস্পতি,       ...

ছড়া

থোড় বড়ি খাড়া আর খাড়া বড়ি থোড় এই করে কাটে দিন রাত হয় ভোর! ভোর হলো দোর খোলো খুকুমণি ওঠো হাই তুলে  নেট খুলে ইস্কুলে  ছোটো! ছোটো তবে এখন তো সবই অনলাইন ক্লাস শুরু  হলে  আগে করে দিও সাইন! সাইন করে বুঝে নাও আজকের  পড়া আমিও সুযোগ খুঁজে লিখি এই ছড়া! ছড়া লেখা শেষ হলে যাই পাকশালে রান্না কী হবে ভাবি হাত দিয়ে গালে! গালে হাত দিলে বুঝি মনে আসে জোর? ধুর ছাই,  ফের সেই  খাড়া বড়ি থোড়। ~~~কপোতাক্ষী©

কবিতা

যার যেদিকেই ঝোঁক, শুধু জানে সেই চোখ তুমি চিনবে না তাকে সে যে ভিনদেশী লোক! তবু পর সে তো নয় সেটা জেনো নিশ্চয় মন থাকে যদি খোলা তবে তার পরিচয়... আছে আকাশে আকাশে সে যে মেঘ হয়ে ভাসে সে-ই ধরণীর কোলে ফুল শিশু হয়ে হাসে! পরিচিতির আড়ালে সে-ই আকাশে পাতালে সৃষ্টিই রচে শুধু প্রলয়ের মায়াজালে! তাকে ভাবো যেই রূপে যত বাঁধো দীপে ধূপে এক কবি এসে তাকে শুধু লিখে যায় চুপে! যত লেখে তত তার খোলে মুক্তির দ্বার আর অসীমের মাঝে শুরু হয় পারাপার! #### কপোতাক্ষী ©

ছড়া

শীত পড়লেই মন খাই খাই করে যত পাই তত চাই তবু যেন খাই খাই... মনে মনে চলে যাই বাংলার ঘরে... ভরে নিয়ে আসি, ঝুলি থরে থরে পিঠে পুলি রোদে বসে ছবি তুলি ধূ ধূ বালুচরে আবার হবে তো দেখা দিন কাটে  একা একা কিছু পড়া কিছু লেখা প্রিয় অবসরে! ~~~ কপোতাক্ষী ব্রহ্মচারী চক্রবর্তী 

গদ্য

এই যে, আপনি... হ্যাঁ, আপনাকেই বলছি। জানেন, আপনার অনেক সম্ভাবনা ছিল।আকাশ স্পর্শ করার সম্ভাবনা... কিন্তু আপনি সেটা হতে দেন নি। কারণ আপনি নিজেই সেই সম্ভাবনার গলা টিপে হত্যা করেছেন। আর আপনার এই হত্যার পেছনে প্রধানত যে দায়ী, সে কিন্তু আপনি নিজেই! আচ্ছা, আপনি তো একসময়  ইংরাজী সাহিত্য নিয়ে পড়াশোনা করেছেন। মনে করে দেখুন তো আপনাকে তখন সবচেয়ে বেশি কোন বিষয় টা টানতো?   Chaucer,Spenser,Elizabethan period, Milton, Dryden, Pope, Victorian period, Romantic period, Eliot, pre modern...এই রে! আমি কি আপনাকে ইতিহাস মনে করাতে  বসলাম? বাদ দিন এসব.... যা বলতে আপনাকে ডাকা... আচ্ছা, আপনার Angel দের কথা মনে পড়ে? সেই Good Angel, Evil Angel দের কথা? পাশ্চাত্য  সাহিত্যে  ওরা কিন্তু একটা বিশাল জায়গা দখল করে ছিল যুগের পর যুগ, এখনও আছে, যারা খোঁজ রাখে, জানে! শুধু আপনিই জানেন না। কারণ আপনি তো এখন শুধু আপনার মৃতদেহকেই বহন করে চলেছেন... Angel দের খবর আপনি জানবেন কী করে? তবে motivational channel গুলো আজকাল আপনাকে বেশ টানে আমি জানি। আপনারও ইচ্ছে করে  সেই angel দের ডেকে যদি আপনার সমস্যাগ...